অস্ত্র ফেলে আত্মসমর্পণ করো, নইলে পরিণতি ভালো হবে না: হাইতির গ্যাংদের বুকেলে
হাইতির সশস্ত্র গ্যাং সদস্যদের অস্ত্র ফেলে আত্মসমর্পণের জন্য নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে। এল সালভাদরের চার কারিগরি কর্মীকে অপহরণের ঘটনার পর তিনি এ হুঁশিয়ারি দিলেন।
রোববার হাইতির ক্রেওল ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বুকেলে লেখেন, ‘অস্ত্র ফেলো, গ্যাং ছাড়ো, পালাও, আমাদের কর্মীদের জীবিত ফেরত দাও, আমরা চলে যাব। নইলে এরপর যা আসবে, তা মোটেও সুখকর হবে না।’
গত ১৮ অক্টোবর জাতিসংঘ-সমর্থিত গ্যাং দমন বাহিনীতে কর্মরত এল সালভাদরের চার কারিগরি কর্মী হাইতির গ্যাং সদস্যদের অতর্কিত হামলার পর অপহৃত হন বলে অভিযোগ রয়েছে।
এর কয়েক দিন পর ২১ অক্টোবর তাঁদের উদ্ধারে প্রায় আড়াই হাজার সালভাদোরান সেনাসদস্যকে হাইতিতে মোতায়েন শুরু করেন বুকেলে।
দেশে গ্যাংবিরোধী কঠোর অভিযানের জন্য পরিচিত বুকেলে এক্সে আরেক পোস্টে হাইতির গ্যাংগুলোকে ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে বলেন, তারা কেবল নিরীহ মানুষ, শিশু ও বৃদ্ধদের সঙ্গে লড়ে। সমালোচকদের মতে, হাইতিতে সেনা মোতায়েনের মাধ্যমে বুকেলে নিজের কঠোর নীতি দেশের বাইরেও ছড়িয়ে দিতে চাইছেন।
সূত্র: আল-জাজিরা
ছবি: সংগৃহীত





