ঢাকেশ্বরী মন্দিরসহ চার স্থানে হামলার পরিকল্পনা, পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির এলাকা থেকে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক মো. মাহির নিষিদ্ধ ছাত্রলীগের কামরাঙ্গীরচর থানা শাখার সহসভাপতি বলে জানা গেছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে মন্দির এলাকার পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় তিনি রিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পুলিশের ভাষ্য, স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। তার হাতব্যাগ থেকে চারটি পেট্রলবোমা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঢাকেশ্বরী মন্দির, উপকমিশনারের (ডিসি) কার্যালয় ও লালবাগ থানাসহ চারটি স্থানে নাশকতার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসাইন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হচ্ছে বলে জানানো হয়েছে।
আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা ও সরকারি দপ্তরে বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল।
আটক ব্যক্তি বা তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





