সীমান্তে মাদক প্রবেশের ১০৬টি ঝুঁকিপূর্ণ রুট, আসছে নদী ও সমুদ্রপথেও
দেশে মাদক প্রবেশের জন্য ২১ জেলার ১০৬টি স্থলসীমান্ত রুটকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত ও মিয়ানমার সীমান্তের এসব পথ দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), ফেনসিডিল, হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন মাদক আসছে। শুধু স্থলপথ নয়, সুন্দরবনের নদীপথ ও বঙ্গোপসাগরও ব্যবহার করছেন পাচারকারীরা। বিজিবি, কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে প্রথম আলোর এক প্রতিবেদনে জানানো হয়েছে।
গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রতিবেদনগুলো উপস্থাপন করা হয়। বিজিবির হিসাবে, কক্সবাজার ও বান্দরবানের ২৫টি রুট দিয়ে প্রধানত ইয়াবা, আইস ও আফিম আসে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৩৯টি স্থান দিয়ে ফেনসিডিল, গাঁজা, মদ ও নেশাজাতীয় সিরাপ পাচার হয়।
যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ২২টি রুট এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের ২০টি এলাকাও ঝুঁকিপূর্ণ। গত ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিজিবি ২ কোটি ৪১ লাখের বেশি ইয়াবা বড়ি, ৩২ কেজি আইস, ২৫ হাজার ৩৩০ বোতল ফেনসিডিল ও ৬৪ হাজার ৫৫১ বোতল বিদেশি মদ জব্দ করেছে। গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৩৭৭ জনকে।
কোস্টগার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, নাফ নদী, শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনসংলগ্ন জলসীমা দিয়ে ইয়াবা ও আইস ঢুকছে। স্থানীয় জেলেদের একটি অংশ মাছ ধরার নৌযানে সিমেন্ট, সার ও খাদ্যসামগ্রী মিয়ানমারে নিয়ে ফেরার পথে মাদক নিয়ে আসে। সাতক্ষীরার কৈখালী ও সুন্দরবনের নদীপথ দিয়েও ফেনসিডিল ও গাঁজা আসছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারের মংডুসহ কয়েকটি এলাকা থেকে ইয়াবা আসে; ভারতের আসাম, করিমগঞ্জ, কোচবিহার ও আগরতলাসংলগ্ন সীমান্ত দিয়ে গাঁজা এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে বেশির ভাগ হেরোইন আসে। আফগানিস্তানে পপি চাষ কমায় মিয়ানমারের পাহাড়ি অঞ্চলে পপি চাষ বেড়েছে, এতে টেকনাফ সীমান্ত দিয়ে হেরোইন পাচারও বেড়েছে।
সংসদীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, মাদক প্রবেশের জায়গাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে আগামী তিন মাসের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে বিজিবি, কোস্টগার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে।
প্রতীকী ছবি: উইকিমিডিয়া কমন্স





