মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার, পালিয়েছে সহযোগীরা
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা তিন রাস্তার মোড় থেকে দুটি অবিস্ফোরিত পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. শাহীন (৩৫) মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার দিবাগত ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বসিলা তিন রাস্তার মোড়ে যায়। সেখানে নাশকতার উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। পুলিশ পৌঁছালে তারা দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন।
ধাওয়া করে শাহীনকে দুটি অবিস্ফোরিত পেট্রলবোমাসহ হাতেনাতে ধরা হয়। অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। গ্রেপ্তার ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: মোহাম্মদপুর থানা (সংগৃহীত)





