যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্য নিয়ে উদ্বেগ
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকারদের অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
২০১৭ সালে চালু হওয়া এই প্ল্যাটফর্মে প্রতিরক্ষা দপ্তরের বিভিন্ন সংস্থা সামরিক অভিযান, জনবল, রসদ ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত অ্যাপ্লিকেশন চালায়। গত এক মাসের মধ্যে প্ল্যাটফর্ম হালনাগাদের সময় অনুপ্রবেশ ধরা পড়ে। এক সূত্রের দাবি, অজ্ঞাত একটি সফটওয়্যার দুর্বলতা কাজে লাগিয়ে হামলা চালানো হয়।
কোনো তথ্য চুরি হয়েছে কি না, কারা হামলা চালিয়েছে বা ক্ষতির পরিধি কতটা, তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণে মার্কিন সাইবার কমান্ডকে যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
বিমানবাহিনী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরাসরি মন্তব্য করেনি। তবে এক বিবৃতিতে বলেছে, তারা নিজেদের তথ্য, সিস্টেম ও সক্ষমতা সুরক্ষায় নিয়মিত পদক্ষেপ নিয়ে থাকে।
সাম্প্রতিক সময়ে এফবিআইয়ের অপরাধ তথ্যভান্ডার, সিআইএর একটি বিশ্লেষণ ব্যবস্থা এবং ট্রেজারি বিভাগের ফিনসেনেও অনুপ্রবেশের খবর এসেছে। এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা স্পষ্ট নয়।
সূত্র: রয়টার্স, ব্লিপিং কম্পিউটার, টাইম টেলিভিশন
ছবি: পেন্টাগন (সংগৃহীত)





