মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ আওয়ামী লীগের, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কের দুই পাশে প্রায় পৌনে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। রোববার (২৯ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ভাঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, নেতাকর্মীরা প্রথমে ভাঙ্গা ব্রিজ এলাকায় জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তারা সামনে এগিয়ে তাঁতীবাড়ি এলাকায় অবস্থান নিয়ে স্লোগান দেন। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল শুরু হয়। অবরোধের কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এর আগে রোববার ভোর ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কের রাজৈরের টেকেরহাট অংশেও অবরোধে যান চলাচল বন্ধ ছিল। এতে দূরপাল্লার যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন।
একই দিন দুপুরে মাদারীপুর শহরে আওয়ামী লীগ নেতা ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বহুতল বাণিজ্যিক ভবনে হামলা, ভাঙচুর ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। শহরের একটি হোটেলেও ককটেল ও পেট্রলবোমা ছোড়া হয়। কারা এসব হামলা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে জাজিরায় সংঘর্ষে গুলিবিদ্ধ শিবচরের নিজামউদ্দিন মৃধার মৃত্যু হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, নাশকতা ঠেকাতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, আনসারসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
অবরোধের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: ভিডিও থেকে নেওয়া (সংগৃহীত)





