দৌলতপুর সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি ।
তানভীর আজাদ
কুষ্টিয়াপ্রতিনিধি ।নিউ ইয়র্ক ভয়েস বাংলা॥
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চার ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা চালিয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দৃঢ় অবস্থান ও তৎপরতার মুখে বিএসএফ তাদের এই অবৈধ প্রচেষ্টা গুটিয়ে নিতে বাধ্য হয়।
সীমান্ত সূত্রে জানা যায়, রবিবার সকাল পৌনে ৮টার দিকে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। বিএসএফের উদয় কিষান ক্যাম্পের সদস্যরা চারজন ভারতীয় নাগরিককে বলপূর্বক বাংলাদেশে অনুপ্রেবেশ করানোর চেষ্টা করে।
সে সময় সীমান্তে দায়িত্ব পালন করা বিজিবির টহল দল বিষয়টি টের পাওয়া মাত্রই তাৎক্ষণিক প্রতিরোধমূলক অবস্থান নেয়। বিজিবির এই কঠোর অবস্থান ও বাধার মুখে বিএসএফ তাদের পুশ-ইন প্রচেষ্টা বন্ধ করে এবং চারজনকেই নিজেদের হেফাজতে ফেরত নিয়ে যায়।
সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ও অবৈধ তৎপরতা ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।