গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ: বাংলাদেশ ব্যাংক
নভেম্বর মাসজুড়ে দেশের বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয়ে হামলা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তাজনিত কারণে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এতে কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য, বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলছে, কিন্তু বন্ধ শাখাগুলোর গ্রাহকেরা এ সেবা নিতে পারছেন না। একইভাবে আসন্ন ঈদুল আজহা সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের ঋণ নিতেও সমস্যায় পড়ছেন সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা। এতে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৬৪ জেলার ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির কার্যক্রম রয়েছে; শাখা ২ হাজার ৫২৮টি। ব্যাংকটির নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে। ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের, বাকি ১০ শতাংশ সরকারের। মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানত প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা।
এর আগে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিবৃতিতে তিনি বলেন, কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারী আতঙ্কে দিন কাটাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। হামলার ধরন দেখে তাঁর মনে হয়েছে, অপরাধীরা ওপরের মহল থেকে নির্দেশনা পাচ্ছে বলে দাবি করেন ইউনূস। এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফাইল ছবি





