কুষ্টিয়া সীমান্তে ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার, ভারতে পাচারচেষ্টা ভেস্তে দিল বিজিবি।
তানভীর আজাদ কুষ্টিয়া॥
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নদীপথে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় রামকৃষ্ণপুর ইউনিয়নের পুরাতন ঠোটারপাড়া নদীতে অভিযান চালিয়ে এই সারগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশ্রায়ন বিওপির একটি বিশেষ টহল দল পুরাতন ঠোটারপাড়া নদীর তীরে অভিযান পরিচালনা করে। এ সময় নদীপথে গোপনে ভারতে পাচার করার জন্য স্তূপ করে রাখা মালিকবিহীন বিভিন্ন ধরনের সার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সারের মধ্যে রয়েছে ,৩,৫০০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার,৪,০০০ কেজি টিএসপি সার এবং ১,৭৫০ কেজি ফসফেট সার
সব মিলিয়ে উদ্ধারকৃত সারের মোট পরিমাণ ৯ হাজার ২৫০ কেজি।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে কোনোভাবেই অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে বিজিবি।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক ও সকল ধরনের চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় স্বার্থ রক্ষায় ৪৭ বিজিবির এমন কঠোর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।