সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাদশাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বাজার পাহারার দায়িত্বে থাকা দুই ব্যক্তি কার্যালয়ের ভেতরে আগুন জ্বলতে দেখে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কার্যালয়ের ১৫ থেকে ২০টি প্লাস্টিকের চেয়ার ও একটি টেবিল পুড়ে গেছে।
সেলবরষ ইউনিয়ন বিএনপির সভাপতি তাহের উদ্দিন সোনা মিয়ার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের নির্দেশে আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, আত্মগোপনে থেকে কয়েক দিন ধরে ফেসবুক লাইভে এসে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন সাবেক এই সংসদ সদস্য। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ অভিযোগের বিষয়ে মোয়াজ্জেম হোসেন রতন বা স্থানীয় আওয়ামী লীগের কারও বক্তব্য পাওয়া যায়নি।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। এতে ভেতরে থাকা কিছু আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।





