সাইবার হামলায় চেজ ব্যাংকের হাজারো গ্রাহকের ইমেইল ফাঁস
যুক্তরাষ্ট্রের ব্যাংক জেপিমরগান চেজের হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে ফাঁস হয়েছে। ব্যাংকটির তৃতীয় পক্ষের সেবাদাতা প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার শিকার হওয়ার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ তথ্য ফাঁস হয়।
ব্যাংক জানিয়েছে, ফাঁস হওয়া তথ্যের মধ্যে মূলত গ্রাহক ও কিছু কর্মীর ইমেইল ঠিকানা এবং কিছু ক্ষেত্রে ফোন নম্বর রয়েছে। ক্রেডিট কার্ডের তথ্য বা বিশেষ স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য এর মধ্যে নেই।
চেজের মুখপাত্র জো ইভানজেলিস্টি বলেন, ব্যাংককে সেবা দেওয়া তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, হামলাকারীরা ওই প্রতিষ্ঠানগুলোর কাছে থাকা কিছু বিপণন তথ্য হাতিয়ে নিয়েছে, যার মধ্যে গ্রাহকের নাম ও ইমেইল ঠিকানা থাকতে পারে।
ভিসা ও মাস্টারকার্ডও তথ্য ফাঁসের বিষয়টি নিশ্চিত করেছে, তবে তাদের কার্যক্রম বা গ্রাহকদের পেমেন্ট তথ্যে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে। মাস্টারকার্ডের মুখপাত্র সেথ আইজেন বলেন, তথ্য ফাঁস নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কার্ডধারীদের সহায়তা দেওয়া হচ্ছে।
ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টের সংখ্যা হাজারের ঘরে, যা চেজের কয়েক কোটি গ্রাহকের তুলনায় সামান্য অংশ। চলতি সপ্তাহের শুরুতে সফটওয়্যার ত্রুটির কারণে চেজের কিছু ব্যাংকিং সেবায় যে বিভ্রাট হয়েছিল, তার সঙ্গে এ ঘটনার সম্পর্ক নেই বলে জানিয়েছে ব্যাংক।
সূত্র: এপি





