বেনাপোলে ভারত-বাংলাদেশ বাণিজ্যে ধস: এক বছরে রপ্তানি আয় কমেছে ৬৯ শতাংশ
টানা তিন অর্থবছর ধরে বেনাপোল স্থলবন্দরে ভারত-বাংলাদেশ বাণিজ্যে নিম্নমুখী প্রবণতা চলছে। সবশেষ ২০২৫-২৬ অর্থবছরে এই বন্দর দিয়ে ভারতে রপ্তানির পরিমাণ ৫৩.১১ শতাংশ এবং আর্থিক মূল্য ৬৯.৩ শতাংশ কমেছে। একই সময়ে আমদানি কমেছে প্রায় ১৮.৫ শতাংশ।
বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গত তিন অর্থবছরে এই বন্দর দিয়ে ভারত থেকে ৪৭ লাখ ১৭ হাজার ৩৬৩ টন পণ্য আমদানি হয়েছে, যার শুল্কায়নযোগ্য মূল্য ৮১ হাজার ৬৩২ কোটি টাকা। একই সময়ে ভারতে রপ্তানি হয়েছে ১০ লাখ ৩৫ হাজার ৬৭৯ টন পণ্য, যার মূল্য ২৯ হাজার ৪৯৯ কোটি টাকা।
কাস্টমস কর্মকর্তারা জানান, ২০২৫-২৬ অর্থবছরে মোট আমদানি চালানের প্রায় ৩৫ শতাংশ এসেছে সাফটা সুবিধায়, যা আগের দুই অর্থবছরে ছিল যথাক্রমে ১১ ও ৭ শতাংশ। শুল্কমুক্ত ও কম শুল্কের পণ্য বেশি আসায় রাজস্ব আদায়ে চাপ তৈরি হয়েছে।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার ফাইজুর রহমান বলেন, বাণিজ্য কমলে স্বাভাবিকভাবেই রাজস্বে প্রভাব পড়ে। তবে চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে আমদানি কম হলেও রাজস্ব আদায় বেড়েছে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সভাপতি মহসিন মিলন বলেন, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, বৈশ্বিক অনিশ্চয়তা, গ্যাস-বিদ্যুতের সংকট ও অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কাঁচামাল আমদানি কমছে। ব্যবসায়ীরা বন্দরের অবকাঠামোর সীমাবদ্ধতা, ভারতের পেট্রাপোল বন্দরে খালাসে দীর্ঘসূত্রতা এবং এলসি খোলায় কড়াকড়িকেও দায়ী করছেন।
সংশ্লিষ্টদের মতে, বন্দরের সক্ষমতা বাড়ানো, খালাস প্রক্রিয়া দ্রুত করা ও এলসি জটিলতা কাটানো গেলে বেনাপোলের বাণিজ্যে গতি ফেরানো সম্ভব।





