ডিএফসির অর্থায়নে বাংলাদেশ: আগামী বছরের শুরুতে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
মার্কিন ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা পুনরায় অর্জন করায় বাংলাদেশে জ্বালানি, প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে মার্কিন বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কূটনীতিক। সম্ভাব্য প্রকল্প নিয়ে আলোচনার জন্য ডিএফসির একটি প্রতিনিধিদল আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশ সফর করবে।
বৃহস্পতিবার দৈনিক আমার দেশকে দেওয়া বক্তব্যে ওই কূটনীতিক বলেন, ২০১৮ সালে ডিএফসি বর্তমান কাঠামোয় প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশই প্রথম দেশ, যারা পুনরায় এই সংস্থার অর্থায়নের যোগ্যতা অর্জন করল।
তিনি জানান, শ্রম মানদণ্ড ও সংস্কার নিয়ে দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্ত এসেছে। ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা হারায়, পরে শ্রমসংক্রান্ত উদ্বেগে ডিএফসির সহায়তা পাওয়ার যোগ্যতাও হারিয়েছিল। গত ফেব্রুয়ারিতে নতুন শ্রম আইন পাস ও তা বাস্তবায়নে ধারাবাহিক অগ্রগতি যোগ্যতা ফিরে পেতে ভূমিকা রেখেছে। চলতি মাসের শুরুতে ডিএফসির প্রধান নির্বাহী বেন ব্ল্যাক বাংলাদেশের যোগ্যতা অনুমোদন করেন।
কূটনীতিক বলেন, ডিএফসি প্রথাগত উন্নয়ন ব্যাংক নয়, এটি যুক্তরাষ্ট্রের বিনিয়োগ শাখা। সংস্থাটি বাণিজ্যিকভাবে লাভজনক প্রকল্পে অর্থায়ন, ঋণের নিশ্চয়তা, রাজনৈতিক ঝুঁকি বীমা ও ইকুইটি বিনিয়োগ দেয়। তবে নতুন যোগ্যতা অর্জনের পর বাংলাদেশের জন্য এখনো কোনো প্রকল্প অনুমোদিত হয়নি।
তিনি আরও বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি (এআরটি), জ্বালানি খাতের সমঝোতা স্মারক ও ডিএফসির সিদ্ধান্ত একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। তবে ডিএফসির অর্থায়ন পেতে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও নীতিগত নিশ্চয়তা আরও শক্তিশালী করা জরুরি।
গত ১৬ নভেম্বর ডিএফসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে অর্থায়নের যোগ্য ঘোষণা করে। বাংলাদেশ সরকার সিদ্ধান্তটিকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্বাগত জানিয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ





