২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা ঘোষণা মেয়র মামদানির
নিউইয়র্ক সিটির কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার কমপ্লেক্স ২০৩২ সালের মধ্যে বন্ধের পরিকল্পনা ঘোষণা করেছেন মেয়র জোহরান মামদানি। শুক্রবার (২০ নভেম্বর) সিটি হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ পরিকল্পনা তুলে ধরেন।
মেয়রের পরিকল্পনার মূল লক্ষ্য কারাবন্দির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো। বর্তমানে রাইকার্সে প্রায় ৬ হাজার ৭০০ জন বন্দি রয়েছেন; এ সংখ্যা ৪ হাজারের কিছু বেশিতে নামিয়ে আনতে চায় সিটি প্রশাসন। এজন্য নতুন ডাইভারশন ও তত্ত্বাবধানে মুক্তি কর্মসূচি, আবাসন ও সামাজিক সেবা সম্প্রসারণ, অনলাইনে জামিনের অর্থ পরিশোধব্যবস্থা ফিরিয়ে আনা এবং মামলার দীর্ঘসূত্রতা কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
আইন অনুযায়ী ২০২৭ সালের মধ্যে রাইকার্স বন্ধ করে চারটি ছোট ও আধুনিক কারাগার চালুর কথা থাকলেও সে সময়সীমা রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মেয়র মামদানি বলেন, আগের প্রশাসনের বাধার কারণেই সময় বাড়াতে হয়েছে। তার ভাষায়, “রাইকার্স বন্ধের দাবি কয়েক দশক ধরে শহরজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। এবার পার্থক্য হবে আমাদের প্রতিশ্রুতি—আমরা এটি শেষ পর্যন্ত বাস্তবায়ন করব।”
সিটি হলের তথ্য অনুযায়ী, নতুন বরো কারাগারগুলোর মধ্যে ব্রুকলিনেরটি ২০২৯ সালে, ব্রঙ্কস ও কুইন্সেরটি ২০৩১ সালে এবং ম্যানহাটনেরটি ২০৩২ সালে চালু হওয়ার কথা। নতুন এই সময়সীমার জন্য নিউইয়র্ক সিটি কাউন্সিলের অনুমোদন লাগবে।
সহিংসতা ও অতিরিক্ত বন্দির কারণে দীর্ঘদিন ধরে সমালোচিত রাইকার্সের পরিস্থিতিকে ‘অস্বাভাবিক ও অগ্রহণযোগ্য’ উল্লেখ করে এর আগে একজন ফেডারেল বিচারক কারাগারটির ব্যবস্থাপনায় বাইরের একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছিলেন।
সূত্র: এপি





