পল্লবীতে এক রাতে দ্বিতীয় বাসে আগুন, কুয়াকাটায় পুড়ল পর্যটকবাহী জিপ
রাজধানীর পল্লবীতে কয়েক ঘণ্টার ব্যবধানে আরও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটে পল্লবী থানাধীন সেকশন-১১-এর কালশী-পূরবী সড়কে উল্টা বাবার মাজারসংলগ্ন এলাকায় পার্ক করে রাখা বিহঙ্গ পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-৭১৮৫) অগ্নিসংযোগ করা হয়। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) সোহানুর রহমান জানান, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা রাস্তার পাশে পার্ক করা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে।
এর আগে একই দিন সন্ধ্যা সাতটার দিকে মিরপুর ১১ নম্বরের ৯ নম্বর সড়কে মধুমতি পরিবহনের পার্ক করা একটি বাসে আগুন দেওয়া হয়। তাতে বাসটির ১০টি আসন পুড়ে যায়। পুলিশ জানিয়েছিল, জড়িতদের শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
এদিকে পটুয়াখালীর কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পার্ক করে রাখা পর্যটকবাহী একটি পরিত্যক্ত জিপে (চান্দের গাড়ি) আগুন লাগে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে একটি হোটেলের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। গাড়ির মালিক মো. ইমরান বলেন, তাঁর ধারণা কোনো দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে; তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
সাম্প্রতিক দিনগুলোতে রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে। বৃহস্পতিবারই ঢাকার সিএমএম আদালতের সামনে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণে কয়েকজন আহত হন। এসব ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





