পূর্ব লন্ডনে কালো মুখোশধারী তরুণদের মহড়া, যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি
যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবিতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় মহড়া দিয়েছেন একদল মুখোশধারী তরুণ। স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) রাতে টাওয়ার হ্যামলেটসের হোয়াইটচ্যাপেলের বিভিন্ন সড়ক ও অলিগলিতে কালো মুখোশ পরে অবস্থান নেন তাঁরা। এ সময় বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিভাজন, সংঘাত ও সহিংসতা বন্ধের দাবি জানান তাঁরা।
তরুণেরা হোয়াইটচ্যাপেল স্টেশনের পাশে স্থানীয়ভাবে ‘নেতা গলি’ নামে পরিচিত একটি গলি এবং পূর্ব লন্ডন মসজিদসংলগ্ন আরেকটি গলিতে গিয়ে বক্তব্য দেন। পরে তাঁরা আলতাব আলী পার্কে জড়ো হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁদের ইংরেজি ও সিলেটি উচ্চারণে বাংলায় বক্তব্য দিতে দেখা যায়। তাঁদের অভিযোগ, গুটিকয় রাজনৈতিক কর্মীর সংঘাতের কারণে পুরো বাংলাদেশি কমিউনিটিকে ভুগতে হচ্ছে এবং যুক্তরাজ্যের ডানপন্থী রাজনীতিকদের সমালোচনার মুখে পড়ছেন প্রবাসীরা।
তবে মুখোশ পরে দলবদ্ধ এই উপস্থিতি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। প্রত্যক্ষদর্শী সমাজকর্মী ও ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, রাত আটটার দিকে হঠাৎ একদল তরুণ কালো মুখোশ পরে গলিতে মহড়া দেয়, এতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা ভয় পেয়েছেন। তাঁর অভিযোগ, সমস্যার সমাধানের বদলে কমিউনিটি আরও বিভাজিত হচ্ছে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) পূর্ব লন্ডনের একটি হলে কমিউনিটি সভায়ও যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি ওঠে। গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর এ দাবি জোরালো হয়।
ওই ঘটনার পর যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি আলোচনায় আসে; অভিবাসনবিরোধী ও ডানপন্থী রাজনীতিকদের বক্তব্যে উঠে আসে বাংলাদেশি অভিবাসীদের প্রসঙ্গ। মুখোশধারী তরুণদের পরিচয় বা তাঁদের পেছনে কোনো সংগঠন আছে কি না, তা জানা যায়নি। এ বিষয়ে স্থানীয় পুলিশের বক্তব্যও পাওয়া যায়নি।
সূত্র: প্রথম আলো
ছবি: সংগৃহীত





