২ সেন্টিমিটারের জন্য হাতছাড়া সোনা, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা
বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটে নতুন জাতীয় রেকর্ড গড়ে রুপার পদক জিতেছেন বাংলাদেশের স্বপ্না খাতুন। ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে মেয়েদের ট্রিপল জাম্পে এই কৃতিত্ব দেখান তিনি।
ফাইনালে নিজের পঞ্চম প্রচেষ্টায় ১৩.২২ মিটার লাফিয়ে দ্বিতীয় হন স্বপ্না, একই সঙ্গে গড়েন নতুন জাতীয় রেকর্ড। মাত্র দুই সেন্টিমিটারের ব্যবধানে স্বর্ণপদক হাতছাড়া হয় তাঁর। সোনার লড়াইয়ে স্বপ্নাকে পেছনে ফেলেন ভারতের সাধনা রবি; নিজের শেষ ও ষষ্ঠ প্রচেষ্টায় ১৩.২৪ মিটার লাফিয়ে স্বর্ণ নিশ্চিত করেন তিনি।
শুরু থেকেই ধারাবাহিক ছিলেন স্বপ্না। প্রথম প্রচেষ্টায় ১২.৫০ মিটার লাফানোর পর তৃতীয় প্রচেষ্টায় পৌঁছান ১২.৭৯ মিটারে, চতুর্থ প্রচেষ্টায় দূরত্ব ছিল ১২.৮৯ মিটার। পঞ্চম প্রচেষ্টায় সেরা পারফরম্যান্স দেখিয়ে ১৩.২২ মিটার লাফান তিনি। তবে তাঁর বাকি প্রচেষ্টাগুলো গণনায় আসেনি।
এই ইভেন্টে ১২.৯৬ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন শ্রীলঙ্কার এল এস ডব্লিউ আরাচ্চি।
আন্তর্জাতিক মঞ্চে শুধু পদকই নয়, নিজের ইভেন্টে দেশের রেকর্ডও নতুন করে লিখেছেন স্বপ্না। স্বর্ণ থেকে মাত্র দুই সেন্টিমিটার দূরে থাকলেও জাতীয় রেকর্ড গড়ে তাঁর এই রুপাজয় দেশের অ্যাথলেটিকসে নতুন আশা জাগিয়েছে।
ছবি: সংগৃহীত





