২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, মুসলিম জনসংখ্যায় শীর্ষে যাবে পাকিস্তান: পিউ
বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা ২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে এবং তখন অনুসারীর সংখ্যায় ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের ধর্মভিত্তিক জনসংখ্যার নতুন পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে।
পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিমদের সংখ্যা ৮০ শতাংশ বেড়ে ২০২ কোটি থেকে ৩৬৪ কোটিতে দাঁড়াতে পারে। একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ২২৭ কোটি থেকে ২৯৬ কোটিতে পৌঁছাতে পারে, যা মোটামুটি বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। হিন্দু ও ইহুদিদের সংখ্যা বাড়বে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির চেয়ে ধীরগতিতে, আর বৌদ্ধ এবং কোনো ধর্মের অনুসারী নন এমন মানুষের সংখ্যা কমতে পারে।
গবেষকেরা বলছেন, ধর্মীয় গোষ্ঠীর আকার বদলের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে জন্ম ও মৃত্যুর হার। কোনো জনগোষ্ঠীর আকার স্থিতিশীল রাখতে নারীপ্রতি গড়ে ২ দশমিক ১টি সন্তান প্রয়োজন। জন্ম-মৃত্যুর হিসাবে ২০৭০ সালের মধ্যে মুসলিমদের সংখ্যা ১৬০ কোটি এবং খ্রিষ্টানদের ৭৯ কোটি ২০ লাখ বাড়তে পারে।
মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি বাড়বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে। ২০৭০ সালের মধ্যে বিশ্বের ৫৩টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিমদের সংখ্যা ১২০ কোটি বাড়তে পারে, যা মোট বৃদ্ধির ৭৪ শতাংশ।
২০২০ সালে সবচেয়ে বেশি মুসলিমের বাস ছিল ইন্দোনেশিয়ায়, প্রায় ২৩ কোটি ৯০ লাখ। তবে পাকিস্তানে মুসলিমদের সংখ্যা দ্বিগুণ হয়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে, ফলে দেশটি শীর্ষে উঠে আসতে পারে। ভারত তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠতে পারে; দেশটিতে মুসলিম জনসংখ্যা ২১ কোটি ৩০ লাখ থেকে বেড়ে ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে। নাইজেরিয়া পঞ্চম থেকে উঠে আসতে পারে তৃতীয় স্থানে, আর ইন্দোনেশিয়া নেমে যেতে পারে চতুর্থ স্থানে।
সূত্র: পিউ রিসার্চ সেন্টার, প্রথম আলো
প্রতীকী ছবি





