গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, ভারতকে দুবার চিঠি দিয়েও জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী
ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। এর আগে সমাধানে পৌঁছাতে ভারতকে দুই দফা চিঠি পাঠানো হলেও কোনো জবাব আসেনি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, তিনি নিজেও ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত উত্তর পাননি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আগামী মাসের ১২ তারিখ গঙ্গা চুক্তির সময় শেষ হবে। ইতিমধ্যে বিশেষ কমিটি থেকে আমরা দুটি চিঠি পাঠিয়েছি পার্শ্ববর্তী দেশকে। আমরা জানি ষড়যন্ত্র কোথায়, আমরা জানি তাদের অবস্থান কী।’
তবে বাংলাদেশ বসে নেই উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, পানি ধরে রাখতে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে। পানি সংরক্ষণের জন্য পদ্মা ব্যারেজ প্রকল্প এবং তিস্তা মহাপরিকল্পনার কাজও হাতে নেওয়া হয়েছে, যাতে পানি ধরে রেখে উৎপাদন বাড়ানো যায়।
মন্ত্রী জানান, গঙ্গার পানিবণ্টন নিয়ে সমাধানে পৌঁছাতে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গেও কথা হয়েছে। তাঁর ভাষায়, ‘ওনাকে আমন্ত্রণ জানিয়েছি, উনি এসেছেন, আশ্বস্ত করেছেন। কিন্তু নমুনা এখনো পাচ্ছি না।’
ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রত্যাশা জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত। সীমান্তে বিভিন্ন অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সহযোগিতা করা ভারতেরও দায়িত্ব। বাংলাদেশ এমন সম্পর্ক চায় না, যেখানে খুনি, অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামিদের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





