পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি, এনসিটি চুক্তি পুনর্বিবেচনার আহ্বান
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দরের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব দাবি জানান। সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আতিকুর রহমান বলেন, পোশাক খাতে প্রায় ৪০ লাখ নারী-পুরুষ শ্রমিক কাজ করেন। জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় তাঁদের ন্যূনতম মজুরি অন্তত ২০ হাজার টাকা হওয়া প্রয়োজন। কিন্তু সরকার ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ করে সন্তুষ্টি প্রকাশ করছে। এ মজুরিতে তিন-চার সদস্যের পরিবারের জীবনযাপন কঠিন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পেরে শ্রমিকদের মজুরি কম রাখা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
এনসিটি চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিক সংগঠনগুলোর আপত্তি উপেক্ষা করে সরকার বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। এতে দেশের শ্রমিকদের কর্মসংস্থান ও চাকরির নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হয়েছে, তা তাঁরা জানেন না।
দেশের শ্রমবাজারের চিত্র তুলে ধরে তিনি বলেন, প্রায় সাড়ে পাঁচ কোটি শ্রমিকের মধ্যে মাত্র ১৫ শতাংশ প্রাতিষ্ঠানিক খাতে এবং ৮৫ শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন। সব খাতের জন্য একটি জাতীয় ন্যূনতম মজুরির মানদণ্ড ঘোষণা করতে হবে, যাতে কোনো খাতের শ্রমিকই নির্ধারিত মানের নিচে মজুরি না পান।
এ ছাড়া চট্টগ্রাম বন্দরের শূন্য পদ পূরণ, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে সব শ্রমিক সংগঠনের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু এবং তাঁদের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি।
ছবি: উইকিমিডিয়া কমন্স





