বাঘাইছড়িতে মিজোরাম সীমান্তে রহস্যময় তিন ড্রোন, ১৫ রাউন্ড গুলি ছুড়ল বিজিবি
রাঙামাটির বাঘাইছড়িতে ভারতের মিজোরাম রাজ্যসংলগ্ন সীমান্ত এলাকায় রহস্যময় তিনটি ড্রোন লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে ২৭ বিজিবির মারিশ্যা জোনের হেলিপ্যাড এলাকার আকাশে ড্রোনগুলো দেখা যায়।
বিজিবি সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ জোনের হেলিপ্যাডের ওপর দিয়ে তিনটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনগুলোর গায়ে লাল ও সাদা আলো জ্বলছিল। পরে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশে ড্রোনগুলো ভূপাতিত করতে লাইট মেশিনগান (এলএমজি) থেকে মুহুর্মুহু ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। গুলির পর ড্রোনগুলো দ্রুত সরে যায়।
মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পর জোনের আওতাধীন সব বর্ডার অবজারভেশন পোস্টকে (বিওপি) সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। প্রায় ১৫১ কিলোমিটার সীমান্তে দিন-রাত টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রাতের একটি ভিডিওতে বিজিবি সদস্যদের আকাশের দিকে অস্ত্র তাক করে গুলি ছুড়তে এবং আকাশে আলোর ঝলকানি দেখা গেছে।
তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছিল, কারা সেগুলো পরিচালনা করছিল এবং গুলিতে কোনো ক্ষতি হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। বিজিবি বলছে, সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা সতর্ক রয়েছে।
প্রতীকী ছবি: উইকিমিডিয়া কমন্স





