২০২৭ সাল থেকে প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান
শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করবে সরকার। এ কর্মসূচির আওতায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ৩০০ রেসিপির মধ্য থেকে সেরা পাঁচজনকে পুরস্কার দেওয়া হয়।
জুবাইদা রহমান বলেন, বর্তমানে দেশের ৫০০ উপজেলার মধ্যে ১৫১টিতে প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। এই কর্মসূচি চার থেকে ১০ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখতে ভূমিকা রাখছে। ২০২৭ সাল থেকে সব উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি সম্প্রসারিত হবে।
খাবারের মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, ‘বিভিন্ন জেলা বা উপজেলা পর্যায়ে স্কুলের মিড ডে মিল সুস্বাদু ও সহজলভ্য করার জন্য রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।’
স্থানীয় উপকরণ ব্যবহারের ওপর জোর দিয়ে এই চিকিৎসক বলেন, ‘স্বাস্থ্যসম্মত রন্ধনপ্রণালি, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ, দুগ্ধজাত পণ্যের ব্যবহার, মায়েদের সম্পৃক্ততা ও তদারকি দেশের শিশুদের পুষ্টির মান বহুগুণে বাড়াবে।’
রান্নাকে শিল্প আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘রান্না একই সঙ্গে একটি ভাষা, একটি বিজ্ঞান এবং মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম। আমরা রান্নায় আমাদের ইতিহাস, ব্যক্তিত্ব এবং ভালোবাসার একটি অংশ যোগ করি।’
ছবি: উইকিমিডিয়া কমন্স





