‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত
ঢাকার মঞ্চে আরেক আন্তর্জাতিক সংগীত তারকাকে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। তাঁর পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের এপ্রিলে ঢাকায় আসতে পারেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান নাঈম আশরাফ। তিনি জানান, রাজধানীর আর্মি স্টেডিয়ামে শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ।
বিশ্বসংগীতে শাকিরা অতি পরিচিত নাম। ‘হিপস ডোন্ট লাই’, ‘হোয়েনএভার, হোয়্যারএভার’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ এখনো বিশ্বজুড়ে সমান জনপ্রিয়।
তবে শাকিরার বাংলাদেশ সফর বা কনসার্টে অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য বা বিক্রির সময়সূচিও প্রকাশ করেনি আয়োজকেরা। ফলে আপাতত বিষয়টি আয়োজকের পরিকল্পনা হিসেবেই রয়েছে।
পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি দেশের সংগীতাঙ্গনের সবচেয়ে বড় আন্তর্জাতিক আয়োজনগুলোর একটি হতে পারে। এদিকে ওটিলিয়ার কনসার্ট সফলভাবে শেষ হওয়ায় পৃষ্ঠপোষক, সাংবাদিক, প্রশাসন ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজক।
সাম্প্রতিক সময়ে ঢাকায় আন্তর্জাতিক শিল্পীদের কনসার্ট আয়োজনের প্রবণতা বেড়েছে। শুক্রবার রাতের ওটিলিয়ার কনসার্টে ‘বিলিওনেরা’সহ জনপ্রিয় গান শুনতে হাজারো দর্শক জড়ো হন। আয়োজকদের মতে, শাকিরার মতো বিশ্বখ্যাত তারকার কনসার্ট সফলভাবে আয়োজন করা গেলে বাংলাদেশ আন্তর্জাতিক সংগীত সফরের মানচিত্রে নতুন করে জায়গা করে নিতে পারে। তবে এত বড় আয়োজনের জন্য নিরাপত্তা, ভেন্যু ব্যবস্থাপনা ও টিকিট বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন সংগীতসংশ্লিষ্টরা।
ছবি: উইকিমিডিয়া কমন্স





