কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, মাকে দেখাতে লাশ নেওয়া হলো কারাফটকে
কারাবন্দী কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী শারমিন সুলতানার প্রতিবন্ধী ছেলে মারা গেছে। মাকে শেষবারের মতো সন্তানের মুখ দেখাতে শিশুটির মরদেহ গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু গণমাধ্যমকে জানান, প্যারোলে মুক্তির জন্য তিনি কাশিমপুর কারাগারে যোগাযোগ করেন। সেখান থেকে তাঁকে গাজীপুরের জেলা প্রশাসক বরাবর আবেদন করতে বলা হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয়; তাঁকে নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নেই। তবে কারাফটকে মৃত সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হবে।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, ‘বাচ্চাটি প্রতিবন্ধী ছিল। মৃত সন্তানের লাশ শেষবারের মতো দেখানোর জন্য আবেদন করা হয়েছে। বিধি মোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে দুই মিনিটের মতো কারাফটকে মুখ দেখানোর ব্যবস্থা করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় এ ব্যবস্থা করা হয়েছে।’
এদিকে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শারমিন সুলতানার আগের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তাঁকে সন্তানের অসুস্থতার কথা জানিয়ে মুক্তির আকুতি জানাতে শোনা যায়।
গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় শারমিন সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।
প্রতীকী ছবি: উইকিমিডিয়া কমন্স





