ভিসা ইন্টারভিউর সময় যে জরুরি কাগজপত্র সঙ্গে রাখতে বলল মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের ভিসা ইন্টারভিউয়ে অংশ নেওয়ার সময় প্রয়োজনীয় আর্থিক কাগজপত্র সঙ্গে রাখতে বলেছে ঢাকায় মার্কিন দূতাবাস। শনিবার (২৮ নভেম্বর) দূতাবাসের এক বার্তায় ভিসাপ্রত্যাশীদের এ পরামর্শ দেওয়া হয়।
দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের যাবতীয় খরচ বহনের আর্থিক সামর্থ্য রয়েছে কি না, তা আবেদনকারীকে নিশ্চিত করতে হবে। ভ্রমণে অনাকাঙ্ক্ষিত বিঘ্ন ঘটলে বা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সেই খরচ বহনের প্রস্তুতিও থাকতে হবে।
বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা নেই—এমন প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র ইন্টারভিউয়ের সময় সঙ্গে রাখতে হবে। ভিসা ইন্টারভিউয়ের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার ওপরও জোর দিয়েছে দূতাবাস।
সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশি ভিসাপ্রত্যাশী ও ভিসাধারীদের উদ্দেশে একাধিক সতর্কবার্তা দিয়েছে মার্কিন দূতাবাস। এর মধ্যে ভিসার শর্ত মেনে চলা, নির্ধারিত সময়ের বেশি অবস্থান না করা এবং আবেদনপত্রে সঠিক তথ্য দেওয়ার বিষয়গুলো রয়েছে। দূতাবাস বলছে, ভিসা আবেদন ও সাক্ষাৎকারের তথ্যের জন্য কেবল দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইট ও স্বীকৃত মাধ্যমের ওপর নির্ভর করা উচিত।
সূত্র: ঢাকায় মার্কিন দূতাবাস, বাংলা ট্রিবিউন
ছবি: উইকিমিডিয়া কমন্স





