রাজধানীর কালশী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর মিরপুরের কালশী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে পৃথক এ দুই ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ জানায়, রাত ১১টার দিকে পল্লবী থানাধীন কালশী এলাকায় যাত্রীবেশে কয়েকজন একটি বাসে ওঠেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, তাঁরা বাসের পেছনের আসনে বসে ভেতরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে জানালা দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আগুন নেভান। এতে বাসের ১০টি আসন পুড়ে গেছে। পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মাহমুদুল হাসান জানান, কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এর আগে রাত পৌনে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় চলন্ত একটি বাসে আগুন দেওয়া হয়। ভুলতা-গাউছিয়া থেকে গুলিস্তানগামী মেঘলা পরিবহনের বাসটিতে তখন ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন। তাঁরা দ্রুত নেমে যাওয়ায় প্রাণে রক্ষা পান।
বাসের চালক ও সহকারীর ভাষ্য, সিদ্ধিরগঞ্জের ১০ তলা এলাকা থেকে দুই যুবক বাসে উঠে পেছনের আসনে বসেন। মৌচাক ইউটার্নে তাঁরা নেমে যাওয়ার কিছুক্ষণ পরই বাসের ভেতরে আগুন দেখা যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসের বড় অংশ পুড়ে যায় বলে জানান মালিক।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, জড়িতদের শনাক্তে মহাসড়কের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনা করে তাদের গ্রেপ্তার করা হবে।
সাম্প্রতিক দিনগুলোতে ঢাকা, সাভার ও রাজশাহীসহ বিভিন্ন স্থানে বাসে আগুন এবং বরিশালে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।
প্রতীকী ছবি: উইকিমিডিয়া কমন্স





