অ্যাকিলিস টেন্ডনে সফল অস্ত্রোপচার, গ্রেসি ম্যানশনে বিশ্রামে নিউইয়র্কের মেয়র মামদানি
ফুটবল খেলতে গিয়ে ছিঁড়ে যাওয়া অ্যাকিলিস টেন্ডনে সফল অস্ত্রোপচার হয়েছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টা ৩৩ মিনিটে অস্ত্রোপচার শুরু হয়ে শেষ হয় ১২টা ৪২ মিনিটে। পরে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে তিনি মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে বিশ্রামে আছেন।
মেয়রের প্রেস সেক্রেটারি এক বিবৃতিতে বলেন, ‘অস্ত্রোপচার সফল হয়েছে এবং মেয়র সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মেয়রকে যে প্রথম শ্রেণির সেবা দিয়েছেন, সে জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ।’
গত সপ্তাহে সিটি হলের সাংবাদিকদের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচে খেলতে গিয়ে চোট পান ৩৫ বছর বয়সী মামদানি। তিনি জানান, খেলার আগে তিনি শরীর প্রসারণের ব্যায়াম (স্ট্রেচিং) করেননি। গোল করার কিছুক্ষণ পরই তাঁর টেন্ডন ছিঁড়ে যায়। পরে এক সংবাদ সম্মেলনে রসিকতা করে তিনি বলেন, ‘আমি ভুলে গিয়েছিলাম যে আমার বয়স ৩৫।’
চোট পাওয়ার পর থেকে ডান পায়ে বুট ও ক্রাচে ভর দিয়ে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন মেয়র। তাঁর সুস্থ হয়ে ওঠার সময়টায় শহরের দৈনন্দিন কার্যক্রম দেখভাল করছেন ফার্স্ট ডেপুটি মেয়র ডিন ফুলেইহান।
অস্ত্রোপচারের কারণে শনিবারের একটি প্যারেডেও মেয়র অংশ নিতে পারবেন না বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে কত দিনে তিনি পুরোপুরি কাজে ফিরবেন, তা জানানো হয়নি।
সূত্র: এবিসি নিউজ, সিএনএন
ছবি: উইকিমিডিয়া কমন্স





