ফ্যাসিবাদের আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে, এবার ঢেলে সাজাতে হবে: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদের সময়ে অন্য সবকিছুর মতো দেশের শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাই মিলে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলে জানান তিনি। শনিবার (২৮ নভেম্বর) মিরপুর জাতীয় স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে তিনি এ কথা বলেন।
শিক্ষিত বেকারত্ব কমাতে উচ্চশিক্ষাকে প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীরা খাপ খাওয়াতে না পারলে প্রতিবছর সার্টিফিকেটনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিতদের মধ্যে বেকারত্ব বেশি হওয়ার অন্যতম কারণ।
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, শহর-গ্রাম সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এর অধিভুক্ত কলেজ প্রায় আড়াই হাজার। কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে, তা এখনো প্রশ্নের ঊর্ধ্বে নয়।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়ের ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, ‘লক্ষ্যহীন শিক্ষা দিকহীন যাত্রার মতো। শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, শিল্প খাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে, আর শিক্ষার্থীরা হয়ে উঠবে আগামীর উদ্ভাবক, উদ্যোক্তা ও অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি।’
যুগোপযোগী শিক্ষাব্যবস্থার জন্য শিক্ষক প্রশিক্ষণকে সময়ের দাবি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে সরকার পরিকল্পনা ও পদক্ষেপ নিয়েছে।
ছবি: উইকিমিডিয়া কমন্স





