আফ্রিকায় প্রথমবার এমআরএনএ ইবোলা টিকার পরীক্ষা শুরু উগান্ডায়, অংশ নেবে শিশুরাও
আফ্রিকায় প্রথমবারের মতো ইবোলার এমআরএনএ টিকার ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হয়েছে উগান্ডায়। প্রতিবেশী ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআরসি) প্রাণঘাতী প্রাদুর্ভাবের জন্য দায়ী তুলনামূলক বিরল ‘বুন্দিবুগিও’ ধরনের বিরুদ্ধে টিকাটি তৈরি করা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত উগান্ডা ভাইরাস রিসার্চ ইনস্টিটিউট (ইউভিআরআই) শুক্রবার এক বিবৃতিতে জানায়, মার্কিন প্রতিষ্ঠান মডার্নার সহযোগিতায় পরীক্ষাটি শুরু হয়েছে। গত আগস্টে কানাডায় ১৮ থেকে ৬৫ বছর বয়সীদের ওপর টিকাটির প্রথম মানবপরীক্ষা শুরু হয়। উগান্ডার পরীক্ষায় প্রথমবারের মতো এক বছর ও তার বেশি বয়সী শিশুদের ওপর টিকার নিরাপত্তা ও রোগপ্রতিরোধী সাড়া যাচাই করা হবে। এতে ২২৪ জন স্বেচ্ছাসেবী অংশ নেবেন।
টিকা তহবিলে সহায়তাকারী সংস্থা সিইপিআইয়ের প্রধান নির্বাহী রিচার্ড হ্যাচেট বলেন, ‘ইবোলা আঘাত হানলে শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, অথচ নতুন টিকার সুফল পেতে তারাই প্রায়ই সবার শেষে থাকে।’
বুন্দিবুগিও ধরনের বিরুদ্ধে আরেকটি সম্ভাব্য টিকা ভারতের সিরাম ইনস্টিটিউট ও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ‘চ্যাডক্স১’। সোমবার ডিআরসিতে এর পরীক্ষা শুরু হবে। টিকা জোট গ্যাভি ইতিমধ্যে সিরাম ইনস্টিটিউটের সঙ্গে ১৫ লাখ ডোজ কেনার চুক্তি করেছে। সংস্থাটি আশা করছে, ২০২৭ সালের শুরুতে পরীক্ষা শেষ হবে।
ডিআরসি সরকারের তথ্য অনুযায়ী, মে মাসের মাঝামাঝি প্রাদুর্ভাব শুরুর পর অন্তত ১২ হাজার ২১ জনের ইবোলা সংক্রমণ নিশ্চিত হয়েছে, মারা গেছেন ৫ হাজার ৯০৪ জন। উগান্ডা গত ২৮ জুলাই নিজেদের প্রাদুর্ভাব শেষ ঘোষণা করেছিল।
সূত্র: আল-জাজিরা, রয়টার্স
ছবি: উইকিমিডিয়া কমন্স





