যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু, নিখোঁজ ও আহত ২
মো. জামাল হোসেন
বেনাপোল প্রতিনিধি, যশোর॥
যশোরে ইঞ্জিনচালিত করিমন চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় খালে নিখোঁজ রয়েছে বিল্লাল হোসেন নামে আরেক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মনিরুজ্জামান নামে আরেকজন। আহত ব্যক্তি পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, শনিবার দিনগত রাত তিনটার দিকে মনিরুজ্জামান, মিজানুর ও বিল্লাল চান্দুটিয়া গ্রামে করিমন চুরি করে পালিয়ে যাচ্ছিলেন। এমন সময় ঐ তিনজনকে ধাওয়া দেন স্থানীয়রা। এ সময় তারা চান্দুটিয়া স্লুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন।
একপর্যায়ে মিজানুর রহমান ও বিল্লাল খালে ঝাঁপ দেন। এ সময় মনিরুজ্জামান ও মিজানুর রহমানকে এলাকাবাসী ধরতে পারলে গণপিটুনি দেন। পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন। মনিরুজ্জামান যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় খালে নিখোঁজ রয়েছেন বিল্লাল হোসেন। বিল্লালকে খালে খুঁজতে তল্লাশি করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘চুরির অভিযোগে গণপিটুনিতে একজন মারা গেছে। একজন খালে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে খালে ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি করছে। সে খালে আছে না পালিয়ে গেছে সেটা তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একজন। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে।