ভারত থেকে ফিরে যুবদল কর্মীর বাড়িতে আশ্রয়, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ভারত থেকে ফিরে কুমিল্লায় এক যুবদল কর্মীর বাড়িতে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে সদর দক্ষিণের বারপাড়া ইউনিয়নের ওই বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান মোশাররফ। সেখান থেকে দেশে ফিরে তিনি যুবদল কর্মী আজহারুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন।
ঘটনার পর বুধবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজহারুলকে বহিষ্কারের কথা জানায় এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানায়। জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকে আশ্রয় দেওয়ার বিষয়টি জানার পরই তাঁকে বহিষ্কার করা হয়েছে।
আজহারুল নিজেকে ওয়ার্ড যুবদলের সভাপতি পরিচয় দিলেও দলের ভাষ্যমতে তিনি সংগঠনের কর্মী, তাঁর কোনো পদ নেই। ঘটনাটি স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে আজহারুলের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





