পুঠিয়ায় কারাগারে থাকা আ.লীগ নেতার বাড়িতে লুটপাট ও আগুন
রাজশাহীর পুঠিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদের বাড়িতে হামলা, লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, একদল লোক ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে সামাদের স্ত্রী ও সন্তানদের জিম্মি করে। নগদ ৩০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি সোনার গয়না লুট করা হয়। প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
পরিবার জানায়, আবদুস সামাদ প্রায় দুই বছর ধরে নাশকতাসহ একাধিক মামলায় কেন্দ্রীয় কারাগারে বন্দী। বুধবার সকালে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, ইউএনও ও ওসি বাড়িটি পরিদর্শন করেন।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা করতে বলা হয়েছে। কারা হামলায় জড়িত ও কী কারণে এ হামলা, তা এখনো স্পষ্ট নয়।
ছবি: সংগৃহীত





