নিষিদ্ধ আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মিজানুর রহমান (মিজান)কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) জেলা বিএনপির সহকারী দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্র জানায়, বগুড়ার একটি আদালতের হাজতখানায় বিএনপি নেতা অ্যাডভোকেট শাহীন হত্যা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা আমিনুল ইসলামের সঙ্গে মিজানের সাক্ষাতের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার প্রমাণ পাওয়ায় তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। তাঁর সঙ্গে সাংগঠনিক যোগাযোগ রাখলে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে মিজানুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





