বিমানঘাঁটির তথ্য সংগ্রহের অভিযোগে ভারতে বাংলাদেশি যুবক গ্রেপ্তার
ভারতের সামরিক বিমানঘাঁটি ও পর্যটনকেন্দ্র সম্পর্কে তথ্য সংগ্রহের (রেকি) অভিযোগে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে ২২ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শনিবার (২১ নভেম্বর) এ খবর দিয়েছে।
অভিযুক্তের নাম মোহাম্মদ সেলিম হোসেন। বৃহস্পতিবার বিকেলে তাঁকে আটক করা হয়। প্রায় দুই সপ্তাহ আগে পর্যটক ভিসায় তিনি ভারতে প্রবেশ করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমে চ্যাংরাবান্ধা সীমান্ত এলাকার কথা উল্লেখ করা হয়েছে।
ভারতীয় পুলিশের দাবি, তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। দার্জিলিংয়ের পর্যটনকেন্দ্র এবং বাগডোগরা ও হাসিমারায় ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাঁকে পাঠানো হয়েছিল বলে দাবি করা হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে আটক যুবক, তাঁর পরিবার কিংবা বাংলাদেশ সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, রাইজিংবিডি





