মেক্সিকোতে এফবিআইয়ের শীর্ষ ১০ পলাতকের একজন ‘এল চাপো ইসিদ্রো’ গ্রেপ্তার, সিনালোয়ায় সংঘাত
মেক্সিকোর সিনালোয়া রাজ্যে অভিযান চালিয়ে মাদক কার্টেলপ্রধান ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেসকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। তিনি ‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত। গ্রেপ্তারের পর রাতভর সিনালোয়ায় গোলাগুলি, ট্রাকে আগুন এবং কার্টেলের বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়।
মেসা ফ্লোরেস যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা এফবিআইয়ের ‘শীর্ষ ১০ মোস্ট ওয়ান্টেড’ পলাতকের একজন ছিলেন। বেলত্রান লেইভা কার্টেলের নেতৃত্ব দেওয়ার পর তিনি নিজের ‘মেসা-ফ্লোরেস’ অপরাধী সংগঠন গড়ে তোলেন। তাঁকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অবৈধ অস্ত্র বহনের অভিযোগে তিনি ওয়ান্টেড ছিলেন।
মেক্সিকো সরকার শনিবার (২১ নভেম্বর) জানায়, ট্রাম্প প্রশাসনের দেওয়া গোয়েন্দা তথ্য তাঁকে গ্রেপ্তারে সহায়তা করেছে। তবে দুই দেশ কীভাবে সমন্বয় করেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
কর্তৃপক্ষ জানায়, যে বাড়িতে তিনি অবস্থান করছিলেন, তার চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে অভিযান চালানো হয়। অস্ত্র ও বিস্ফোরক দিয়ে হামলার মুখে বাহিনীর সদস্যরা বাড়িতে ঢুকে তাঁকে আটক করেন। পরে বিমানে করে তাঁকে মেক্সিকো সিটিতে নেওয়া হয়। অভিযানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: এপি, রয়টার্স





