কংগ্রেসের প্রশ্নের জবাব দেওয়ার আগে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে: ফেডারেল ঠিকাদারদের প্রতি ট্রাম্পের নির্বাহী আদেশ
কংগ্রেস থেকে কোনো তথ্য বা জিজ্ঞাসা এলে তার জবাব দেওয়ার আগে হোয়াইট হাউসের সঙ্গে পরামর্শ করতে ফেডারেল সরকারের ঠিকাদার ও উপঠিকাদারদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে জারি করা এক নির্বাহী আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, হোয়াইট হাউস যেসব যোগাযোগকে ‘বিশেষাধিকারপ্রাপ্ত’ মনে করবে, সেগুলো কংগ্রেসকে দেওয়া যাবে না। কংগ্রেসের অনুরোধে ‘যথাযথ জবাব’ কী হবে, তা নিয়ে প্রতিষ্ঠানগুলোকে হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করতে হবে। নির্দেশ না মানলে চুক্তি বাতিল এবং ভবিষ্যতে সরকারি কাজ থেকে স্থগিত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আদেশটি হাজার হাজার প্রতিষ্ঠানের ওপর প্রযোজ্য হবে।
বার্তা সংস্থা এপি জানায়, জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাপক তদন্ত শুরু হবে—এমন প্রত্যাশার মধ্যে এটি ট্রাম্প প্রশাসনের সর্বশেষ পদক্ষেপ। ডেমোক্র্যাটরা সরকারি চুক্তিকে তাঁদের তদন্তের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছেন। তাঁদের অভিযোগ, ট্রাম্প পরিবারের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে পেন্টাগন থেকে, ফেডারেল অর্থ যাচ্ছে।
এর আগে হোয়াইট হাউসের কৌঁসুলি উইল শার্ফ সোমবার ফেডারেল সংস্থাগুলোকে জানিয়ে দেন, কংগ্রেসে হাজির হতে রাজি হওয়ার আগে তাঁর দপ্তর ও হোয়াইট হাউসের আইনবিষয়ক দপ্তরের অনুমোদন নিতে হবে। হাউস ওভারসাইট কমিটির শীর্ষ ডেমোক্র্যাট রবার্ট গার্সিয়া এ সপ্তাহে ট্রাম্প পরিবারের সদস্য ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছেন। জবাবে শার্ফ বলেছেন, ডেমোক্র্যাটরা এখনো সংখ্যাগরিষ্ঠ নয়, তাই তারা কিছু মানতে বাধ্য করতে পারে না।
হোয়াইট হাউস এক ফ্যাক্টশিটে নতুন নিয়মকে নির্বাহী বিভাগের বিশেষাধিকার সুরক্ষার পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে ডেমোক্র্যাটরা একে কংগ্রেসের তদন্ত ঠেকানোর চেষ্টা বলে সমালোচনা করছেন।
সূত্র: এপি, এমএস নাউ





