ট্রাম্পের নতুন নিয়মে ফেডারেল আবাসন হারাতে পারে মিশ্র অভিবাসন মর্যাদার হাজারো পরিবার
যুক্তরাষ্ট্রে ‘মিশ্র অভিবাসন মর্যাদার’ পরিবারগুলোকে ফেডারেল অর্থায়নে পরিচালিত আবাসন সুবিধা থেকে বাদ দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যেসব পরিবারে কোনো সদস্য বৈধ মর্যাদার অধিকারী এবং কেউ কেউ নন, সেসব পরিবারকে মিশ্র মর্যাদার পরিবার বলা হয়।
ক্যালিফোর্নিয়ার অলাভজনক সংবাদমাধ্যম ক্যালম্যাটার্স জানায়, আগামী মাস থেকে যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগ (এইচইউডি) এ নিয়ম কার্যকর করার পরিকল্পনা করছে। এতে শুধু ক্যালিফোর্নিয়াতেই প্রায় ৭ হাজার পরিবার ফেডারেল ভর্তুকি হারাতে পারে। বিপুল অভিবাসী জনগোষ্ঠীর কারণে অঙ্গরাজ্যটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সান্তা বারবারা কাউন্টি হাউজিং অথরিটির পরিচালন পরিচালক স্যানফোর্ড রিগস বলেন, ‘এটা খুবই বড় বিষয়, বিশাল পরিবর্তন।’
হাউজিং ভাউচার পরিচালনাকারী সংস্থাগুলো এখন এসব পরিবারকে গৃহহীন হওয়া থেকে বাঁচাতে জরুরি পরিকল্পনা নিচ্ছে। তারা পরিবারগুলোকে ফেডারেল কর্মসূচি থেকে সিটি, কাউন্টি, অঙ্গরাজ্য বা দাতব্য অর্থায়নের কর্মসূচিতে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে এই চেষ্টা কতটা সফল হবে, তা নির্ভর করবে প্রতিটি কাউন্টির সম্পদের ওপর।
এদিকে ম্যাসাচুসেটসের কয়েকটি সংগঠন নতুন এই নিয়মের বিরুদ্ধে আদালতে মামলা করেছে বলে জানিয়েছে বোস্টনভিত্তিক সংবাদমাধ্যম ডব্লিউজিবিএইচ।
সূত্র: ক্যালম্যাটার্স, ডব্লিউজিবিএইচ





