এআই দিয়ে রায় লেখা যাবে না, এজলাসে মোবাইল-ফেসবুক নয়: বিচারকদের প্রধান বিচারপতির নির্দেশনা
রায় প্রস্তুত বা লেখার ক্ষেত্রে কোনোভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর নির্ভর করা যাবে না বলে অধস্তন আদালতের বিচারকদের নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে এজলাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং মোবাইল ফোন বহন থেকেও বিরত থাকতে বলেছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রামের একটি হোটেলে চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় কর্মরত জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধান বিচারপতি এসব নির্দেশনা দেন।
প্রধান বিচারপতি বলেন, প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স খোঁজার কাজে বিচারকেরা এআই ব্যবহার করতে পারেন। তবে রায়ের অপারেটিভ অংশ অবশ্যই সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে। বিচারিক সিদ্ধান্তে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে।
বিচারকদের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, একজন বিচারকের আচরণ শুধু এজলাসের মধ্যে সীমাবদ্ধ নয়; আদালতের বাইরেও তাঁর আচরণে মর্যাদা, দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের প্রতিফলন থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারে বিচারকদের অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।
বিচারিক কার্যক্রম আরও কার্যকর করতে বিশেষায়িত বিচারিক পদ সৃষ্টির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধান বিচারপতি। তিনি জানান, বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় আইন সংশোধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট আদালতে বিচারক পদায়নের উদ্যোগ নেওয়া হবে।
মামলার আইনগত দিকের পাশাপাশি দেশের সামাজিক অবস্থা ও বাস্তবতাও বিচারকাজে বিবেচনায় নিতে বিচারকদের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি।





