শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি ‘সোনার পেস্ট’ উদ্ধার, আটক ৩
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৭ কেজি ‘সোনার পেস্ট’ উদ্ধার এবং তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (২১ নভেম্বর) সকালে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকা থেকে তাঁদের আটক করা হয় বলে এপিবিএনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জ সদরের মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারামের মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়ার মো. শাওন (৩৯)।
এপিবিএন জানায়, গোপন খবরের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় তিনজনকে ধরা হয়। পরে সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়, যা পরীক্ষায় ২৪ ক্যারেটের ‘সোনার পেস্ট’ হিসেবে শনাক্ত হয়।
এপিবিএনের দাবি, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন এবং সেখান থেকে সোনা এনে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে দেশে পাচার করতেন। চক্রের বাকি সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এপিবিএনের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ। আটক ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।





