জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ, প্রথমবার দুই অঙ্কের র্যাঙ্কিংয়ে
জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (ইজিডিআই) ১৯৪টি দেশের মধ্যে তিন ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে উঠেছে বাংলাদেশ। এবারই প্রথম এ সূচকে দুই অঙ্কের র্যাঙ্কিংয়ে ঢুকল বাংলাদেশ।
২০২৪ সালের আগের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। ২০২৬ সালের সূচকে বাংলাদেশ এখন পর্যন্ত সর্বোচ্চ ০.৬৮৯৩ স্কোর অর্জন করেছে এবং ‘হাই ইজিডিআই’ বা উচ্চ ই-গভর্নমেন্ট গ্রুপে রয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সূচকের দুটি উপাদানে বাংলাদেশ সর্বকালের সর্বোচ্চ নম্বর পেয়েছে। অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) স্কোর দাঁড়িয়েছে ০.৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) ০.৬৯।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলি বিভাগের দ্বিবার্ষিক প্রকাশনা ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’ থেকে এসব তথ্য জানা গেছে। তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া।
ইজিডিআই হলো নাগরিক সেবায় ই-গভর্নমেন্ট ব্যবহারে একটি দেশের সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি ও অগ্রগতির একটি যৌথ পরিমাপ।





