স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৬ হাজার ১৮১ টাকা; দুই লাখের নিচে নামল ২২ ক্যারেট
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে কমছে ৬ হাজার ১৮১ টাকা। ফলে রোববার (২২ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়।
শনিবার (২১ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৬ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৫ হাজার ৯৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৩ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম ১১ হাজার ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ১০ মাসের ব্যবধানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমেছে প্রায় ৯১ হাজার টাকা। চলতি বছরের ৩০ জানুয়ারি একই পরিমাণ স্বর্ণের দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা তখন দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।





