টুঙ্গিপাড়ায় চার দিনে বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ, কারণ হিসেবে ভয়ভীতি ও অসন্তোষের কথা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চার দিনের ব্যবধানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১১ জন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন নেতা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ধারাবাহিক এসব পদত্যাগ ঘিরে স্থানীয় রাজনীতিতে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
গত ১৬ থেকে ১৯ নভেম্বরের মধ্যে সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা দল ছাড়ার ঘোষণা দেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সদস্য, ইউনিয়ন বিএনপির নেতা, যুবদল নেতা ও সাধারণ সদস্য।
১৬ নভেম্বর কুশলী ইউনিয়নে বাবা-ছেলে লুৎফর ফকির ও মিরান ফকির বিএনপির সদস্যপদ ছাড়েন। পরদিন একই ইউনিয়নের আরও দুই সদস্য সংবাদ সম্মেলন করে জানান, রাজনৈতিক পরিস্থিতি ও ভয়ভীতির কারণে তাঁরা বিএনপিতে যোগ দিয়েছিলেন। ১৮ নভেম্বর কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক শেখ এবং পাটগাতী এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের আরও পাঁচ নেতা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীদের কেউ রাজনৈতিক অস্থিরতা, কেউ ভয়ভীতি ও হয়রানির অভিযোগ, আবার কেউ ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। কয়েকজন জানিয়েছেন, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর পরিস্থিতির কারণে তাঁরা বিএনপিতে যোগ দিয়েছিলেন।
এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলা এনসিপির সাবেক সভাপতি মোস্তাকিম বিল্লাহ নিজের ফেসবুক আইডিতে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।
পদত্যাগকারীদের অভিযোগের বিষয়ে স্থানীয় বিএনপি ও এনসিপির বক্তব্য পাওয়া যায়নি।





