সিলেটের বিছনাকান্দি সীমান্ত থেকে বধির বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে পাথর আনতে গিয়ে ভারতের ভেতরে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামের এক বাংলাদেশি শ্রমিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরিবারের দাবি, তিনি কানে কম শোনেন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলারসংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাঁকে আটক করা হয়। শাহরিয়ার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার অন্য শ্রমিকদের সঙ্গে জিরো পয়েন্টের কাছে পাথর আনতে যান শাহরিয়ার। পাথর সংগ্রহ করতে গিয়ে একপর্যায়ে তিনি ভারতের ভেতরে ঢুকে পড়েন। বিএসএফ সদস্যরা ধাওয়া দিলে সঙ্গীরা বাংলাদেশে ফিরে আসতে পারলেও শাহরিয়ার আটক হন।
শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তাঁর ছেলে কানে কম শোনেন। সকালে তাঁকে বাজারে একটি দোকানে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি পাথর আনতে গিয়ে ভুলবশত সীমান্ত পার হয়ে যান।
বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে শাহরিয়ার ভারতের ভেতরে প্রবেশ করেছিলেন। এ কারণে বিএসএফ তাঁকে আটক করেছে। তাঁকে ফেরত আনতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।





