সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু এনসিপিকে দিয়ে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আগামী সোমবার (২৩ নভেম্বর) থেকে আলোচনা শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সরকারপ্রধানের এই সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হবে। এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পরিষদের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
এনসিপির ওই নেতা বলেন, ‘আমরা বলেছি, ঐক্যের যেকোনো ইতিবাচক আহ্বানের সঙ্গে আমরা আছি। একই সঙ্গে সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে আমাদের অবস্থান দৃঢ়। আওয়ামী লীগ প্রসঙ্গে আমরা তাদের বলেছি, আমরা ইতিবাচক।’ সোমবারের বৈঠক নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ইতিবাচক।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ সংগঠনগুলোর বিরুদ্ধে দেশজুড়ে ধারাবাহিক সহিংসতার অভিযোগের প্রেক্ষাপটে রাজনৈতিক ঐক্য নিয়ে আলোচনার জন্য গত বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক হয়। এরপরই সংলাপের এই উদ্যোগ নেওয়া হলো।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে থানায় অগ্নিসংযোগ, কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে আগুন এবং গ্রামীণ ব্যাংকের অন্তত ৮৭টি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করা হলেও দলটির বক্তব্য পাওয়া যায়নি।





