বিকাশকর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: দেড় মাস পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২
গাজীপুরের শ্রীপুরে গুলি করে বিকাশ ডিস্ট্রিবিউটরের কর্মীদের কাছ থেকে ২ কোটি ৩০ লাখ টাকা লুটের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ (২৪) দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) জেলা পুলিশ এ তথ্য জানায়। ঘটনার প্রায় দেড় মাস পর ১৯ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকা থেকে ইমরান শেখকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড এলাকা থেকে রবিন আহম্মেদকে (২২) গ্রেপ্তার করা হয়।
শনিবার দুজনকে ডাকাতি ও অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ইমরান শেখের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতির অভিযোগে সাতটি মামলা রয়েছে। রবিনের বিরুদ্ধে রয়েছে তিনটি মামলা। গ্রেপ্তার দুজনের বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর সন্ধ্যায় নরসিংদী থেকে নগদ টাকা সংগ্রহ করে প্রাইভেটকারে মাওনায় ফিরছিলেন বিকাশের কর্মীরা। শ্রীপুর-গোসিঙ্গা সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়ির পথরোধ করে। এ সময় বিকাশের অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল আহমেদকে লক্ষ্য করে গুলি ছুড়ে টাকা লুট করে নিয়ে যায় তারা।





