পাবনার বেড়ায় তিন দিন ধরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার; এলাকা থমথমে
পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে পাবনা সদর সার্কেলে কর্মরত ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে এ আদেশ দেওয়া হয়। পুলিশ সুপার আবু আশ্রাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে তা বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংঘর্ষ থামে।
সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও তাঁদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জিসান (১৫) নামের এক কিশোর গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ সুপার বলেন, আহত-নিহতের সংখ্যা এখনো তাঁরা জানেন না, কেউ লিখিত অভিযোগও দেয়নি।
গত বৃহস্পতিবার থেকে বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে বেড়া পৌর এলাকার কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। এ সময় উভয় পক্ষের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে আইনশৃঙ্খলা সভাও হয়। সভার পর পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় লোকজন। এ সময় ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করে তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয়।
সংঘর্ষ থামলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফের সংঘাতের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





