চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অজ্ঞাত ব্যক্তিকে দিয়ে সিজারিয়ান অপারেশন করানো এবং চিকিৎসায় অবহেলার অভিযোগে নবজাতকের মৃত্যুর ঘটনায় আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতালের মালিক আহসান হাবিব (৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আহসান হাবিব উপজেলার শহরন্দ গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে।
জানা যায়, নওগাঁর পোরশা উপজেলার আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতালে ভর্তি করেন।সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শারমিন আক্তার রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাম পর্যালোচনা করে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন। এরপর হাসপাতালের যাবতীয় খরচ পরিশোধ করেন। কিন্তু ল্যাব এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা পরস্পর যোগসাজশে বাদীর পরিবারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তারা ডাঃ শারমিন আক্তারের পরিবর্তে সম্পূর্ণ অজ্ঞাত এক ব্যক্তিকে দিয়ে ভিকটিমের সিজারিয়ান অপারেশন সম্পন্ন করান। অপারেশনের পর থেকেই মা ও নবজাতকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ প্রকৃত ঘটনা গোপন করে সময়ক্ষেপণ করে শিশুটিকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়। সেখানের চিকিৎসকরা শিশুটির অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুলাই সকাল আনুমানিক ১০ টার দিকে শিশুটি মৃত্যুবরণ করে। এই প্রতারণামূলক ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী পরিবার আদালতে মামলার দায়ের করলে মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় তদন্ত শুরু করে পোরশা থানা পুলিশ। পরে অভিযান চালিয়ে সরাইগাছী এলাকা থেকে হাসপাতালের মালিক আহসান হাবিবকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন, এ ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।