আইসের সমালোচকদের পরিচয় জানতে গ্র্যান্ড জুরি সমন, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা
অভিবাসন অভিযানের সমালোচনাকারী বেনামি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের পরিচয় জানতে ট্রাম্প প্রশাসন গ্র্যান্ড জুরি প্রক্রিয়ার অপব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আইনজীবীরা। এ নিয়ে শুক্রবার ওয়াশিংটনের ফেডারেল আদালতে একটি ক্লাস অ্যাকশন মামলা করা হয়েছে।
আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) সমর্থনে করা মামলায় বিচার বিভাগ ও স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগকে (ডিএইচএস) কথিত ‘অসৎ উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত’ বন্ধের আদেশ চাওয়া হয়েছে। এসিএলইউর দাবি, এই তদন্ত মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে দেওয়া বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘন করছে।
এসিএলইউ জানায়, সরকারি আইনজীবীরা সমালোচকদের শনাক্ত করে তাদের ব্যক্তিগত তথ্য ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) তদন্তকারীদের দিতে কয়েক ডজন গ্র্যান্ড জুরি সমন জারি করেছেন। চার বেনামি ব্যবহারকারীর পক্ষে মামলাটি করা হয়েছে। ওয়াশিংটনের মার্কিন অ্যাটর্নি জিনাইন পিরোর দপ্তর এ তদন্তকে ‘ইনভেস্টিগেশন ১৮’ নামে উল্লেখ করছে বলে দাবি এসিএলইউর।
মামলায় পিরো, অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যানশ এবং ডিএইচএস সচিব মার্কওয়েন মালিনকে বিবাদী করা হয়েছে। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রশাসনকে লিখিত জবাব দিতে হবে। ডিএইচএস ও পিরোর দপ্তর বার্তা সংস্থা এপির মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।
এসিএলইউ বলছে, তদন্তটি ‘ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য অসৎ উদ্দেশ্যে তথ্য খোঁজার অভিযান’। সংগঠনটির দাবি, এটিই গ্র্যান্ড জুরির মাধ্যমে পরিচয় উন্মোচনের অপব্যবহারের বিরুদ্ধে প্রথম প্রকাশ্য দেওয়ানি চ্যালেঞ্জ।
এসিএলইউর ভাষ্য, গত এক বছরে আইসের অনলাইন সমালোচকদের তথ্য চেয়ে প্রযুক্তি কোম্পানিগুলোকে শত শত প্রশাসনিক সমন পাঠিয়েছে ডিএইচএস। ব্যবহারকারী ও প্রযুক্তি কোম্পানিগুলোর আপত্তির মুখে প্রশাসন এখন তুলনামূলক গোপন গ্র্যান্ড জুরি সমনের পথে হাঁটছে।
সূত্র: আল জাজিরা, এপি
প্রতীকী ছবি





