মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০
মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩০ জনে দাঁড়িয়েছে। শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মো বাই জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে এবং পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি বাজারে এ হামলা চালানো হয়। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মো বাইয়ে সংঘাতে বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের অনুষ্ঠানে চালানো হামলায় প্রায় ২০ জন নিহত হন। এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, বোমা পড়ার আগে তিনি মাথার ওপর বিমানের শব্দ শোনেন এবং পরে সেখানে ১৭টি মরদেহ ও বহু আহত মানুষকে পড়ে থাকতে দেখেন। তার ভাতিজিসহ কয়েকজন এখনো নিখোঁজ।
বাস্তুচ্যুতদের সহায়তাকারী একটি সংস্থার প্রধান পাঁচ শিশুসহ ২১ জনের মৃত্যু এবং ৪০ জনের বেশি আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। উদ্ধারকারীরা পৌঁছানোর পর সেখানে দ্বিতীয় দফায় বোমা ফেলা হয় বলেও জানান তিনি। শনিবার গভীর রাতে একই এলাকায় আবার বিমান হামলায় আরও কয়েকজন নিহত হন।
এ হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেয়, ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর দমন-পীড়নে মিয়ানমার গণহত্যা চালিয়েছে। তবে ২০২১ সালের অভ্যুত্থানের নেতা ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং বৃহস্পতিবার জানান, তার সরকার রায়ের ‘অযৌক্তিক অংশগুলো’ মেনে নেবে না। রায়ের এক সপ্তাহের মধ্যেই দেশটিতে বোমা হামলায় প্রাণহানি দ্রুত বাড়ছে।
এর আগে বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে অঞ্চলের একটি স্কুল ও বৌদ্ধবিহারে সামরিক বাহিনীর হামলায় নারী-শিশুসহ ২০ বেসামরিক নাগরিক এবং জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের নয় সদস্য নিহত হন বলে জানিয়েছে নির্বাসিত জাতীয় ঐক্য সরকার (এনইউজি)।
সূত্র: দ্য গার্ডিয়ান, এএফপি, মানবজমিন
প্রতীকী ছবি





