আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রায় পাঁচ টন বিপজ্জনক লেড অ্যাজাইড নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংসের পর এলাকার খাবার পানির উৎসে সিসার মাত্রা বাড়েনি বলে জানিয়েছে দেশটির পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ)।
শনিবার ইপিএ অনলাইনে প্রাথমিক পরীক্ষার ফল প্রকাশ করে। তিন দিন আগে মার্কিন সেনাবাহিনীর প্রকৌশলীরা ৬৮টি জরাজীর্ণ প্লাস্টিক ড্রামে রাখা প্রায় ৪ হাজার ৫০০ কেজি অত্যন্ত অস্থিতিশীল লেড অ্যাজাইড দুটি একযোগে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেন। রাজ্যের রাজধানী ডেস মইন থেকে প্রায় ২৪১ কিলোমিটার দূরে মিডলটাউন শহরের সেনা গোলাবারুদ ডিপোতে এ বিস্ফোরণ ঘটানো হয়।
ইপিএ জানায়, বৃহস্পতিবার প্রায় ৩০০ জন কর্মী স্কুল, খেলার মাঠ, গির্জা ও বাড়িঘরসহ পুরো অঞ্চলে নমুনা সংগ্রহ করেন। দেড় হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
সিসা একটি ভারী ধাতু, যা বিশেষ করে শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। পরিবেশে একবার মিশে গেলে এটি সহজে নষ্ট হয় না। সেনা কর্মকর্তারা বলেছেন, মজুতটি ক্রমেই নষ্ট হচ্ছিল এবং ঠান্ডা বাড়লে যেকোনো সময় বিস্ফোরিত হতে পারত, তাই দ্রুত ধ্বংস করাই ছিল সবচেয়ে নিরাপদ পথ।
তবে এই বিস্ফোরণ নিয়ে পরিবেশ দূষণের আশঙ্কা এবং সরকারের পরিকল্পনা জানানোর পদ্ধতি নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। স্থানীয় বাসিন্দা ও কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধি অভিযোগ করেন, মজুতটি অস্থিতিশীল হওয়ার বিষয়টি প্রথম জানার পর সেনাবাহিনী যথেষ্ট স্বচ্ছতা দেখায়নি এবং আগেভাগে সতর্ক করেনি। মিডলটাউনের বাসিন্দারা পরিকল্পনার কথা জানলেও বিস্ফোরণের কয়েক দিন আগ পর্যন্ত অনেকেই বিষয়টি জানতেন না।
স্বাধীন বিশেষজ্ঞরা বুধবারের প্রাথমিক বায়ুমান পরীক্ষার ফলকে স্বাগত জানিয়েছেন।
সূত্র: আল জাজিরা
প্রতীকী ছবি





